মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের পথে আর কোনো বাধা নেই। হাইকোর্টের ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন আয়োজনে স্থগিতাদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। হাইকোর্টের স্থগিতাদেশ কার্যকর হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে চেম্বার আদালত তা স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, আদালতের এই সিদ্ধান্তে ডাকসু নির্বাচন আয়োজনের পথে আর কোনো আইনগত বাধা থাকছে না।

এর আগে সোমবার বিকেলে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন। রিটে কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী এস এম ফরহাদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামি ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পদভিত্তিক চূড়ান্ত প্রার্থী সংখ্যা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৩টি সদস্য পদে মোট ২১৭ জন প্রার্থী লড়ছেন।

এই আপিল আদালতের সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে পারবে।

Share.
Exit mobile version