বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে কানাডা। সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ রূপান্তরের পথে বাংলাদেশের পাশে রয়েছে কানাডা।
সম্প্রতি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’–কে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন তিনি। সনদে মূল গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে, যা জাতীয় ঐক্য, জবাবদিহিতা ও স্বচ্ছ শাসনের প্রতি রাজনৈতিক নেতৃত্বের অঙ্গীকারকে প্রতিফলিত করে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর জাতির ঐক্যের প্রতীক, যা আগামী জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা দেবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
কূটনৈতিক মহলও উদ্যোগটিকে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। তাঁদের মতে, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার জনগণের আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।
দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী কানাডা শিক্ষা, সুশাসন, লিঙ্গসমতা ও মানবাধিকারক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে। হাইকমিশনের এই অঙ্গীকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে তাদের অব্যাহত সহযোগিতার প্রতিফলন।
