বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
চীনে অবস্থানরত মঞ্জুরুল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে বলেন, “সব অভিযোগ মিথ্যা। দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করলেই সত্য জানা যাবে।”
এর আগে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে মঞ্জুরুল তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি জানান, এ বিষয়ে বিসিবিকে একাধিকবার জানালেও কোনো ব্যবস্থা নেয়নি।
এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। বিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিষয়টি সংবেদনশীল হওয়ায় অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।”
