সোমবার | মার্চ ২ | ২০২৬

জাতিসংঘের আসন্ন ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত বক্তাদের সংশোধিত প্রাথমিক তালিকায় এই তথ্য জানানো হয়েছে।  মোদির পরিবর্তে এ অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। জাতিসংঘের প্রথা অনুযায়ী, প্রথম বক্তা হবেন ব্রাজিলের প্রতিনিধি, এরপর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘে এটি হবে ট্রাম্পের প্রথম ভাষণ।

সংশোধিত তালিকা অনুযায়ী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন। এর আগে জুলাই মাসে প্রকাশিত প্রাথমিক তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৬ সেপ্টেম্বর অধিবেশনে অংশ নেওয়ার কথা উল্লেখ ছিল। ওই দিন বক্তব্য দেওয়ার সূচিতে রয়েছেন ইসরায়েল, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সরকারপ্রধানেরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন এবং ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছিলেন। এরপর থেকে দুই দেশের সম্পর্ক বাণিজ্যিক ইস্যুতে টানাপোড়েনের মধ্যে রয়েছে। ইতোমধ্যেই ট্রাম্প প্রশাসন ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত। পর্যবেক্ষকদের ধারণা, চলমান টানপোড়েনের ফলে জাতিসংঘ সাধারণ পরিষদে মোদি নয়, ভারতের পক্ষে জয়শঙ্কর অংশগ্রহণ করছেন।

Share.
Exit mobile version