নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন সমাজসেবক ও ব্যবসায়ী জসিম উদ্দিন। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় সূত্রে তার প্রার্থিতা চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এলাকায় সুপরিচিত ও জনপ্রিয় এই ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনন্দন বার্তা ও ছবি শেয়ার করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ঘোষণায় শুধু দলীয় নেতাকর্মীই নয়, সাধারণ ভোটারদের মধ্যেও স্বস্তির অনুভূতি লক্ষ্য করা গেছে।
স্থানীয় ভোটারদের মতে, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সহজ-সরল আচরণের কারণে জসিম উদ্দিনের প্রতি আলাদা আস্থা ও গ্রহণযোগ্যতা রয়েছে। ২০০৭ সাল থেকে তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নিরলসভাবে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিকভাবে প্রতিকূল সময়েও তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং নানা চ্যালেঞ্জের মুখেও পিছিয়ে যাননি।
বিএনপি নেতাকর্মীরা জানান, বন্যা ও করোনা মহামারির সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সহায়তা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান, শিক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জসিম উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এসব কার্যক্রমের মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সংগঠিত রাখতে সক্ষম হয়েছেন।
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম–১৪ আসনে বিএনপি রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে না থাকলেও এই মনোনয়নের মাধ্যমে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের আশা করছেন ভোটাররা। উল্লেখ্য, অতীতে এই আসনে অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে আসছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমেও জসিম উদ্দিনের মনোনয়ন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। স্থানীয় একাধিক বিএনপি নেতা মনে করছেন, যোগ্যতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির কারণে তিনি এই আসনে বিএনপিকে উল্লেখযোগ্য ভোটে বিজয় এনে দিতে সক্ষম হবেন।

