মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার  ওই পরোয়ানা ১৩টি সরকারি ও সামরিক দপ্তরে পাঠানো হয়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা জারি করে এবং তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানোর নির্দেশ দেয়।

গ্রেপ্তারি পরোয়ানার চিঠি যেসব দপ্তরে পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সেনাবাহিনী প্রধান, চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), আর্মি হেডকোয়ার্টার্সের অ্যাডজুট্যান্ট জেনারেল, ডিজিএফআই ও এনএসআইয়ের মহাপরিচালক, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, মিলিটারি ইন্টেলিজেন্সের পরিচালক, পার্সোনেল সার্ভিসেস ডিরেক্টরেটের পরিচালক, আর্মি সিকিউরিটিজ ইউনিটের কমান্ড্যান্ট, প্রভোস্ট মার্শাল এবং আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশনের সিও।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, বুধবারই গুমের দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

দুটি মামলার একটিতে ১৭ জন এবং অন্যটিতে ১৩ জন আসামি আছেন। উভয় মামলাতেই শেখ হাসিনা ও তাঁর প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে আসামি করা হয়েছে। এছাড়া একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি বেনজীর আহমেদও অন্তর্ভুক্ত।

বাকি ২৫ আসামির মধ্যে রয়েছেন বর্তমান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

Share.
Exit mobile version