দীর্ঘ প্রায় দেড় দশকের দলীয় কর্তৃত্বের অধীনে বিকৃত গণতন্ত্রের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের। দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
এই পরিবর্তনের ধারাবাহিকতায় নির্বাচন কমিশন এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে—যে নির্বাচন হবে দীর্ঘদিন পর একটি মুক্ত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক অভিজ্ঞতা।
নির্বাচন কমিশন জানিয়েছে, তারা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চায়। কমিশনের প্রধান এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা ১৫ বছর ধরে লড়াই করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এখন সেই অধিকার বাস্তবে প্রতিষ্ঠা করতে চাই।”
একইসাথে প্রথমবারের মতো প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কমিশন জানিয়েছে, ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ প্রবাসী, যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে অংশগ্রহণ করবেন।
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখার সিদ্ধান্তকে অনেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের একটি ‘নীতিগত মোড়’ হিসেবে দেখছেন। দলটির প্রতীক ‘নৌকা’ সংরক্ষিত থাকলেও তা নির্বাচনে ব্যবহার করা যাবে না। কমিশন স্পষ্ট করেছে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো আর কোনো বিতর্কিত নির্বাচন আর বাংলাদেশে হবে না।
নির্বাচনকে সামনে রেখে ইসি একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার গ্রহণ করেছে—পোস্টার নিষিদ্ধ, পরিবেশবান্ধব প্রচারণা, পর্যবেক্ষকদের মানোন্নয়ন, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটকেন্দ্র সংস্কারসহ সব প্রস্তুতি এগিয়ে চলছে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল সেপ্টেম্বরে আসছে প্রাক-নির্বাচনী পরিস্থিতি পর্যালোচনায়।
সিইসি বলেন, “দিনের ভোট দিনে হবে, রাতে নয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তা না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে।”
নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে কমিশন জানিয়েছে, ভোটের অন্তত দুই মাস আগে তা জানিয়ে দেওয়া হবে। নির্বাচন আয়োজনের জন্য ইতোমধ্যে বাজেটে ২,৯৫৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আশা করি বরাদ্দকৃত বাজেটের মধ্যেই হয়ে যাবে। যদি না হয় সেটা পরে দেখা যাবে। এ নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে করছি না।


