বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে দেশের প্রথম কৃষি জাদুঘর, যা কৃষির ইতিহাস, ঐতিহ্য ও প্রযুক্তির বিবর্তনকে তুলে ধরছে। জাদুঘরটি শুধু কৃষি উপকরণের প্রদর্শনী নয়, বরং গ্রামীণ জীবনের এক জীবন্ত দলিল।
বাকৃবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ হোসেনের উদ্যোগে ২০০২ সালে এই জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরের বছর এটি উদ্বোধন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। জনবল সংকটে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০০৭ সালে অধ্যাপক ড. মোশাররফ হোসাইন মিঞা জাদুঘরটি পুনরায় খুলে দেন।
পাঁচ একর আয়তনের এই দৃষ্টিনন্দন স্থাপনায় রয়েছে অষ্টাভুজ আকৃতির মূল ভবন, কৃষি উপকরণ, বীজ সংগ্রহশালা, মাছের অ্যাকুরিয়াম, প্রাচীন খনার বচন ও ঐতিহ্যবাহী গ্রামীণ নিদর্শন। প্রদর্শিত বস্তুগুলোর মধ্যে রয়েছে বীজ, প্রাণিজ নমুনা, গরুর গাড়ি, পালকি, ঢেঁকি, হারিকেন, মাছ ধরার যন্ত্র ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক।
প্রযুক্তির বিকাশধারাও এখানে ফুটে উঠেছে— পুরোনো মাইক্রোকম্পিউটার, ডট প্রিন্টার ও প্রাথমিক ইলেকট্রনিক যন্ত্রাংশে জাদুঘরটি কৃষির ইতিহাস জানার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির মূল্য উপলব্ধি করার এক অনন্য স্থান হয়ে উঠেছে।

