বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, “এই সময়ে তাঁর সুস্থতা অত্যন্ত প্রয়োজন; আল্লাহর কাছে আরোগ্য কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাইছি।”
ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে নিউমোনিয়ার পাশাপাশি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ পুরোনো জটিলতা আরও বেড়েছে। চিকিৎসকেরা বলছেন, একটির চিকিৎসা দিতে গেলে আরেকটি সমস্যায় প্রভাব পড়ছে।
বিএনপি নেতাদের দাবি, গত দুই দিনে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। চিকিৎসকেরা তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও দেশবাসীর কাছে দোয়া চান।

