ফিলিপাইনে ভয়াবহ তাণ্ডবের পর শুক্রবার (০৭ নভেম্বর) ভোরে ভিয়েতনামে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কালমায়েগি। দুই দেশে এখন পর্যন্ত অন্তত ১৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ফিলিপাইনে সপ্তাহজুড়ে রেকর্ড বৃষ্টিপাতে ১৮৮ জন নিহত ও শতাধিক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাতে ভিয়েতনামে প্রবেশ করে ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে পাঁচজন নিহত, কয়েকশ ঘরবাড়ি ধসে পড়ে ও তিন হাজারেরও বেশি বাড়ির ছাদ উড়ে গেছে। এছাড়া ১১টি নৌকা ও জাহাজ ডুবে গেছে।
এএফপি জানিয়েছে, জিয়া লাইয়ের কুইনন সৈকতে উদ্ধারকর্মী ও সৈন্যরা গাছপালা সরানো ও ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজে ব্যস্ত রয়েছেন। সরকারি বিদ্যুৎ সংস্থা জানায়,ঝড়ে ১৬ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, যদিও শুক্রবার সকালেই এক-তৃতীয়াংশ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়গুলো আরও শক্তিশালী হয়ে উঠছে।

