এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) এবং তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, রেড নোটিশের আওতায় থাকা অপর দুই ভাই হলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ এবং পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান। দুদকের উপপরিচালক তাহাসিন মোনাবিল হক আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ‘এএম ট্রেডিং’ নামে ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে জাল নথি ব্যবহার করেছেন। ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ১০৪ কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে। পরে সাইফুল আলম এ অর্থ এস আলম সুপার এডিবল ওয়েলের কাজে স্থানান্তর বা রূপান্তর করেন, যার পরিমাণ প্রায় ৩৪০ কোটি টাকা।
দুদক জানায়, এসব কর্মকাণ্ড দণ্ডবিধি ১৮৬০ এর একাধিক ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ। তদন্ত চলাকালে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তারা বিদেশে পলাতক রয়েছেন। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অনুরোধ জানানো হয়েছে।

