বন্দরনগরী চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর বন্দর থানার সামনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার উপপরিদর্শক মো. মাসুদ দৈনিক সংবাদ প্রবাহকে জানান, ঘটনার সময় তিনি নিজে থানার ভেতরেই ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বেরিয়ে আসলে এই দুর্ঘটনা দেখতে পান। ঘটনাস্থলে গিয়ে দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার উল্টে পড়ে আছে। গাড়ি থেকে দুজন সামান্য আহত অবস্থায় বেরিয়ে আসেন।
বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান বলেন, গাড়িটি যেখান থেকে পড়েছে সেখানে বাঁক রয়েছে। ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিসম্পন্ন গাড়িটি রেলিংয়ের ওপর দিয়ে নিচে আঁচড়ে পড়েছে।
এর আগেও বেপরোয়া গতির কারণে চট্টগ্রামের এই উড়ালসড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত বছর আগস্টে পরীক্ষামূলক চালুর পর দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।এরপর থেকে এই উড়াল সড়কে নিষিদ্ধ করে দেওয়া হয় মোটরসাইকেল চালানো।

সংশ্লিষ্টরা বলছেন, ‘ঝুঁকিপূর্ণ’ বাঁক এবং চালকদের গতিসীমা না মানার কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পরিমাণ বাড়ছে। সিডিএ সূত্র জানায়, এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার এবং বাঁকগুলোতে ৪০ কিলোমিটার নির্ধারণ করা আছে। তবে সরেজমিনে দেখা গেছে, চালকরা এই গতিসীমা মেনে চলছেন না। সেই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে মাঝে মাঝে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে প্রতিদিন।
