গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে আলোচিত কয়েকটি গুম মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ সপ্তাহের মধ্যেই গুমের মামলাগুলো নিয়ে অনেক অগ্রগতি হবে। আমরা এখনই বিস্তারিত বলতে চাই না, তবে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসবে।”
বিচারে বিলম্ব নিয়ে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশে তাজুল ইসলাম বলেন, “যেসব মামলায় ফরমাল চার্জ দেওয়া হচ্ছে, সেগুলোই এর জবাব। তদন্তের জন্য প্রয়োজনীয় সময় শেষ হয়েছে। তদন্ত রিপোর্টগুলো হাতে পাওয়ার পর একের পর এক ফরমাল চার্জ দাখিল হচ্ছে। বিচারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, অনেক মামলা এখন চূড়ান্ত পর্যায়ে।”
তিনি বলেন, “জাতির প্রত্যাশা ছিল, মানবতাবিরোধী অপরাধে জড়িত নিকৃষ্টতম হত্যাকারীদের বিচার এই বাংলাদেশে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঠিক পথে রয়েছে। আশা করছি, জনগণের প্রত্যাশিত সময়ের মধ্যেই বিচার সম্পন্ন হবে।”
ওবায়দুল কাদেরের মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সবকিছু একসঙ্গে হয় না। ক্রমান্বয়ে একটার পর একটা মামলা এগোবে। অনেকগুলো এখন ম্যাচিউর স্টেজে আছে। যথাসময়ে ফলাফল দেখবেন। কেউ পার পেয়ে যাবেন বা দায়মুক্তি পাবেন এমন আশা করার কোনো সুযোগ নেই। ন্যায়বিচার তার আপন গতিতেই চলবে।”
গুমের মামলার অগ্রগতি প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আরও বলেন, “সবগুলো মামলার তদন্ত শেষ না হলেও প্রধান কয়েকটি গুম মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহেই দাখিল করা হবে। মামলাগুলো জটিল হওয়ায় প্রতিটি খুঁটিনাটি যাচাই করা হচ্ছে। আশা করছি, তদন্ত রিপোর্ট আমরা এই সপ্তাহেই হাতে পাব।”

