আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংলাপে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। পর্যায়ক্রমে জানানো হবে।
তিনি জানান, কমিশন কিছু গোপন করছে না। তবে জাতীয় পার্টি বা ১৪ দলীয় শরিকদের সংলাপে ডাকা হবে কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৫৪টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।
একই অনুষ্ঠানে ইসি সচিব জানান, বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের কপি এখনো ইসির হাতে আসেনি। কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে আপিল করা হবে কি না।
তিনি বলেন, সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলাগুলোর কারণে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে। তবে আদালতের পর্যবেক্ষণ না পাওয়া পর্যন্ত মন্তব্য করা যাবে না।
