রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কানাডার এক পার্লামেন্টারি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
সিনেটর সালমা আতাউল্লাহজানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করে।
প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে জানান, “যুবসমাজের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত।”
রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “আট বছর ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা এখানে বসবাস করছে। নাগরিকত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তায় তারা ক্ষুব্ধ। সংকট সমাধানে টেকসই পুনর্বাসনই একমাত্র উপায়।”
প্রতিনিধি দলের নেতা সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ বৃদ্ধির আহ্বান জানান এবং বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন।
এ সময় বাণিজ্য সম্প্রসারণ, তৈরি পোশাক, কৃষি ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও এসডিজি সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
