খসরু খান
ইন্দোনেশিয়া বিশাল এক দ্বীপ-রাষ্ট্র। বহু দ্বীপ নিয়ে গঠিত এই দেশের প্রতিটি দ্বীপ যেন আলাদা এক গল্প। কিন্তু সব দ্বীপের কেন্দ্রবিন্দু, সবকিছুর নিয়ন্ত্রণ কেন্দ্র—রাজধানী জাকার্তা। ব্যক্তিগতভাবে দুই-তিনবার ইন্দোনেশিয়া সফর করেছি, এবং প্রতিবারই নতুন অভিজ্ঞতা আমাকে নাড়া দিয়েছে।
জাকার্তা শহরটি বেশ আধুনিক। এখানকার নারীরা পশ্চিমা ধাঁচে চলে, সাজে, নিজেকে উপস্থাপন করে। এতটাই নিখুঁতভাবে নিজেদের তৈরি করে যে একবার এক মার্কেটে গিয়ে দেখি, পাশে দাঁড়ানো এক নারী বিক্রয়কর্মীকে দেখে মনে হলো—এ যেন কোনো পুতুল। পাশে রাখা একটি ডামির মতো দেখতে ডল আর সেই মেয়েটির মাঝে পার্থক্য করা দায়—গায়ের রং, মুখের গড়ন, চুলের ঢেউ—সবই প্রায় একই রকম!
অবাক লাগলেও সত্য, ইন্দোনেশিয়ায় নারীরাই বেশি চাকরি করে, অফিস সামলায়, ব্যাংকে কাজ করে। আর পুরুষেরা অনেকটা ঘর সামলানোয় মনোযোগী। রান্না, ছেলেমেয়ের দেখাশোনা, এমনকি বাজার করতেও দেখা যায় পুরুষদের। কারণটা ঐতিহাসিক—দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দেশে প্রচুর পুরুষ নিহত হয়েছিল, আর সেই ক্ষত এখনো পুরোপুরি মুছেনি। নারীরা সেই শূন্যস্থান পূরণ করেছে। আর সেই থেকেই নারীর কর্মসংস্থান ও ভূমিকা অনেক বেশি দৃশ্যমান।
বাসের দৃশ্য আরও বিস্ময়কর। বাংলাদেশে যেমন দেখা যায়—একটি বাসে ৫০ জন পুরুষের ভিড়ে ৩/৪ জন নারী কোনোমতে গা বাঁচিয়ে বসে থাকেন, ইন্দোনেশিয়ায় ঠিক তার উল্টো। বাসে ৫০ জনের মধ্যে ২/৩ জন পুরুষ, তারা চুপচাপ কোনায় বসে থাকে, যেন নিজেকে সরিয়ে রাখার চেষ্টা। আর নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে যাতায়াত করে। তাদের জন্য আলাদা গাড়ি পর্যন্ত রয়েছে।
এই দেশে আরও একটি চমকপ্রদ বিষয় আমি জানলাম—অনেক অঞ্চলে বিয়ের আসরে বসতে হলে আগে হজ্জ করা থাকতে হয়, উভয়ের ক্ষেত্রেই। যদিও বাস্তবে অনেকেই সামাজিক চোখ ফাঁকি দিয়ে এই নিয়ম পাশ কাটায়, কিন্তু নিয়মটা সমাজে প্রতিষ্ঠিত। ধর্মীয় মূল্যবোধ ওই সমাজে বেশ গভীরভাবে প্রোথিত।
আরেকটি বিস্ময় ছিল মুদ্রা। আপনি যদি ৫০০ ডলার ভাঙান, তাহলে দেখবেন—একটি ব্যাগ ভর্তি টাকা হাতে এসেছে। কারণ এখানে ১০,০০০ টাকার নোটও আছে! প্রথম দেখায় মনে হবে আপনি হয়তো লটারি জিতেছেন! যদিও বাস্তবে সে টাকা দিয়ে বড় কিছু করা যায় না, তবুও মানসিকভাবে বেশ মজার এক অভিজ্ঞতা।
ইন্দোনেশিয়া শুধু আধুনিকতা আর অর্থনীতির জন্যই নয়, প্রাকৃতিক সৌন্দর্যেও ভরপুর। এই দেশের বিভিন্ন দ্বীপ যেমন—বালি (Bali), সুলাওয়েসি (Sulawesi), লম্বক (Lombok), তিমুর (Timor), সুমাত্রা (Sumatra), কালীমান্তান (Kalimantan)—প্রতিটিই যেন একেকটি ছায়াঘেরা স্বপ্ন। সমুদ্র আর পাহাড়ের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে বারবার।
এতসব অভিজ্ঞতা আমাকে নতুন করে ভাবিয়েছে, শিখিয়েছে। ইন্দোনেশিয়া যেন উন্নয়ন, ধর্ম, প্রাকৃতিক সৌন্দর্য, নারী-সম্মান—সব মিলিয়ে এক অনন্য উদাহরণ।

লেখক : গণমাধ্যম কর্মী ও কলামিস্ট

