বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি। কিন্তু তিনি নাটক করে পদত্যাগ করেছেন।”
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সালাহউদ্দিন বলেন, “আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। নিরপেক্ষ সরকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সবার অঙ্গীকার হোক—সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর নতুন বাংলাদেশ।”
তিনি অভিযোগ করেন, “সরকার অত্যন্ত সুকৌশলে বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা যেন ভুলে না যাই—এই ফ্যাসিস্ট সরকার কীভাবে গণতন্ত্র হরণ করেছে, কীভাবে রক্ত ঝরিয়েছে।”
আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, “ব্রিটিশ আমলের লুণ্ঠনের চেয়েও বেশি সম্পদ তারা লুট করেছে। ৩০ লাখ কোটি টাকা পাচার, ৪ লাখ কোটি টাকা খেলাপি ঋণ, বিদ্যুৎ ও ব্যাংক খাতে দুর্নীতি—এসব করে তারা দেশের অর্থনীতি ধ্বংস করেছে। এসব টাকা দিয়ে ৩৬টি পদ্মাসেতু বানানো যেত।”
তিনি আরও বলেন, “আমরা যারা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করছি, তাদের বিরুদ্ধে ‘বিদেশি এজেন্ট’ অপবাদ দেওয়া হচ্ছে। আসলে যারা গণতন্ত্রের পথের বাধা, তারাই এসব অপপ্রচার চালাচ্ছে।”
সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতারা।

