মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার বিচার আগামী জানুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ মামলায় আজ ১২ নম্বর সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আরও ৩০ থেকে ৩৫ জনের সাক্ষ্য নিয়েই আমরা সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করব। জানুয়ারির মধ্যেই বিচার শেষ হবে বলে আশা করছি।”

তিনি আরও জানান, কয়েক দফায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে সাক্ষীর অনুপস্থিতি ও তদন্তকারীদের ব্যস্ততার কারণে। তবে এটি “স্বাভাবিক প্রক্রিয়া” বলে দাবি করেন তিনি।

আজ ট্রাইব্যুনালে ১২ নম্বর সাক্ষী হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান সাক্ষ্য দেন। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে সাক্ষ্যগ্রহণ শেষে জেরা শুরু হয়েছে। মামলায় মোট ৩০ আসামির মধ্যে ৬ জন গ্রেপ্তার এবং ২৪ জন পলাতক রয়েছেন।

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় ২৭ আগস্ট, আর ৬ আগস্ট ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ গঠন করে।

Share.
Exit mobile version