আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, আনসার সদস্যদের ব্যবহৃত অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে যাওয়ায় নতুন অস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
ড. সালেহউদ্দিন জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনা হবে না। পরিবর্তে শুধুমাত্র ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ক্যামেরা দেওয়া হবে। তিনি বলেন, “স্বচ্ছতার সঙ্গে কেনা হবে এবং ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
এ ছাড়া বাজারে চাহিদা বাড়ায় এক কোটি ই-পাসপোর্ট বই কেনার জন্য বরাদ্দ অনুমোদিত হয়েছে। টিকার সংকট বিবেচনায় ইপিআই টিকাও কেনা হবে বলে জানান অর্থ উপদেষ্টা।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, রোজার আগে বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চাল ও গম আমদানি করবে সরকার।

