প্রায় আড়াই ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় থেকে সরে গেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান।
এর আগে বেলা আড়াইটার দিকে তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
শিক্ষকদের দাবি—মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া (ন্যূনতম ৩ হাজার টাকা), শিক্ষক ও কর্মচারীদের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।
অবরোধ তুলে নেওয়ার সময় আন্দোলনকারীরা জানান, সরকার বাড়িভাড়া ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, তবে তারা এতে রাজি নন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
এর আগে গত রোববার প্রেসক্লাব এলাকায় আন্দোলন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এরপর থেকেই শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।
