মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম এখন মুক্ত। বুধবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি ছাড়া পান। কারামুক্তির পর তিনি শাহবাগে জামায়াত আয়োজিত এক সংবর্ধনায় বক্তব্য দেন।
আজহারুল বলেন, তিনি কৃতজ্ঞ ৩৬শে জুলাই ও ৫ আগস্টের ‘মহাবিপ্লবী নায়কদের’ প্রতি, যাদের আন্দোলনের কারণে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ছাত্র সমাজ রাজপথে রক্ত ঢেলে ১৪-১৫ বছরের সরকারের দম্ভ ভেঙে নতুনভাবে বাংলাদেশের ‘স্বাধীনতা’ এনে দিয়েছে।
আজহারুল আরও বলেন, রাস্তা আটকে সমাবেশ হয়েছে, যাতে মানুষের কষ্ট না হয়, সে দিকেও নজর রাখতে হবে। তিনি আশ্বাস দেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে আরও দেখা হবে, কথা হবে।
এর এক দিন আগেই, মঙ্গলবার, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১৪ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করে তাকে খালাস দেয়। সে রায়ে আজহারুলকে গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের ছয়টি ঘটনায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা দেওয়া হয়েছিল। এখন সব অভিযোগ থেকে তিনি খালাস পেলেন।

