সোমবার | মার্চ ২ | ২০২৬

আজাহার আলী সরকার

পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কালে দেশে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনা ঘটতে পারে । এই সময়ের মধ্যে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে ‘কার্যক্রম নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগ।

এসবির ভাষ্য অনুযায়ী, দলটির কিছু নেতা-কর্মী সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনায় রয়েছে।

এই প্রেক্ষাপটে সোমবার (২৮ জুলাই) একটি ‘বিশেষ সতর্কতা বার্তা’ জারি করে দেশের সব পুলিশ ইউনিটে পাঠানো হয়েছে। চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার এবং দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে।

‘জুলাই অভ্যুত্থান’ ঘিরে উত্তেজনা

চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী ঘিরে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকেই কর্মসূচি পালন করে আসছে।

এসবির মতে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

চিঠিতে বলা হয়, ‘এই সময়ে ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উসকানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে।’

আইনশৃঙ্খলা রক্ষায় নির্দেশনা

সতর্কবার্তায় দেশের সব পুলিশ ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার, সাইবার গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই সময়কালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে এমন কিছু গোষ্ঠী গোয়েন্দা সংস্থাগুলোর নজরে রয়েছে ।

Share.
Exit mobile version