আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
রোববার (৫ অক্টোবর) ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই একটি অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটর বলেন, “বলা যেতে পারে যে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি।” তিনি আরও জানান, অভিযোগটিকে তারা এখন গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করছেন এবং খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। চলতি মাসেই এই বিষয়ে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া, অনেকগুলো মামলার বিচার কাজ চলছে এবং বেশ কয়েকটি মামলার ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। এই সময়ে বেশ কিছু বড় মামলার অভিযোগপত্র (চার্জশিট) এবং আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।
এদিকে, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সোমবার আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আদেশ দিতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাদের বিরুদ্ধে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিনটি অভিযোগের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।
অন্যদিকে, জুলাই-আগস্টের আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে। আজ তিনজন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন।
এছাড়াও, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও চারজন আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
