আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসনে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে, আর মহাসচিব মির্জা ফখরুল নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ থেকে লড়বেন।
মির্জা ফখরুল জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলো পরে জানানো হবে। শরিক দলের জন্য কিছু আসন ছাড়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা সারাদেশে প্রস্তুতি নিচ্ছি। এর অংশ হিসেবে আজ ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলো।”
তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, তাদের আসনগুলোতে বিএনপি প্রার্থী দেয়নি। তারা সেসব আসনে প্রার্থী ঘোষণা করবে।”
