মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

চীন জানিয়েছে, তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। দেশটি তিয়ানগং মহাকাশ স্টেশনের কাজ দ্রুত শেষ করতে কাজ করছে, যা ভবিষ্যতের চন্দ্র অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির মুখপাত্র ঝাং জিংবো জানান, লং মার্চ–১০ রকেট, চন্দ্রযান এবং বিশেষ স্পেসস্যুট প্রায় প্রস্তুত। তিনি বলেন, “চাঁদে মানুষ পাঠানোর গবেষণা ও উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে এগিয়ে চলছে।”

৩১ অক্টোবর রাতে জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে নতুন নভোচারী দল যাত্রা করে। তিন নভোচারী—ঝাং লু, উ ফেই ও ঝাং হংঝাং—তিয়ানগং স্টেশনে ছয় মাস অবস্থান করে গবেষণা করবেন। তাঁরা চারটি ইঁদুর নিয়ে যাচ্ছেন, যেগুলোর মাধ্যমে সীমিত পরিবেশ ও ওজনহীনতার প্রভাব নিয়ে পরীক্ষা চালানো হবে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ পড়ার পর চীন নিজস্ব স্টেশন তৈরিতে মনোযোগ দেয়। বিশ্লেষকেরা মনে করছেন, ২০৩০–এর দশকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ অভিযানে প্রতিযোগিতা আরও তীব্র হবে।

Share.
Exit mobile version