চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় তার নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়,“ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকারের পক্ষে মারিয়া মাচাদোর সাহসী ভূমিকা বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণা।”
এ বছর শান্তিতে নোবেলের জন্য ৩৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিলেন—এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংগঠন। গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন ‘নিহন হিদানকায়ো’, যারা পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের পক্ষে কাজ করে আসছে।
১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পেয়েছেন ১১১ জন ব্যক্তি ও ৩১টি সংস্থা। সবচেয়ে কম বয়সে নোবেলজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই, আর সবচেয়ে বেশি বয়সে পুরস্কার পান ব্রিটিশ–পোলিশ পদার্থবিজ্ঞানী জোসেফ রটব্ল্যাট।
প্রতিটি নোবেল পুরস্কারের সঙ্গে থাকে একটি স্বর্ণপদক, একটি সনদ এবং ১২ লাখ মার্কিন ডলার সমমূল্যের চেক। বিজয়ীরা আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবেন।

