রাজধানীর মিরপুরের রূপনগরে একটি প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। ফায়ার সার্ভিস আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে বিকেল পর্যন্ত ৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সংস্থার মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন লাগার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। তিনি আরো বলেন, “আগুনের তীব্রতা কিছুটা কমলেও প্রচণ্ড ধোঁয়া এখনো রয়েছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।”
প্রাথমিকভাবে জানা গেছে, আগুন দুটি গোডাউন থেকে শুরু হয়—একটি কাপড়ের গোডাউন এবং অন্যটি কেমিক্যালের। দমকলকর্মীরা জানান, কেমিক্যালের উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিভানো কঠিন হয়ে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে।

