সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ২৫ জন অতিরিক্ত বিচারপতি আজ বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন সদ্যনিযুক্ত ২৫ বিচারপতি।
এর আগে গত ২৬ আগস্ট মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাঁদের শপথ পড়ান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
সরকার গত ২৫ আগস্ট সোমবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাঁদের নিয়োগ দেয়। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এবং সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্তরা অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
২৫ জন নতুন বিচারকের মধ্যে রয়েছেন ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা। এ নিয়োগের ফলে হাইকোর্ট বিভাগে বিচারকের সংখ্যা দাঁড়াল ১১৩ জনে।
হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে সদ্যনিযুক্ত ২৫ বিচারপতি হলেন মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), মো. সাইফুল ইসলাম, মো. নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, মো. জাকির হোসেন, মো. রাফিজুল ইসলাম, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ এফ এম সাইফুল করিম, উর্মি রহমান ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।
