বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনাসদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পের ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সেনাবাহিনীর ১২ সিগন্যাল ব্যাটালিয়নের ৪২ ফিল্ড আর্টিলারিতে কর্মরত সৈনিক মো. আরিফ হাসান (২৭) এবং বেসামরিক কর্মচারী হাসিব খান (১৯)। সেনাবাহিনী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের তিনতলা একটি ভবন অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহার করছিল। ছাদে সিগন্যাল সেটের অ্যানটেনার বৈদ্যুতিক তার এবং বৃষ্টির পানিতে বিদ্যুৎ পরিবাহী হয়ে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রথমে হাসিব খান বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে সৈনিক আরিফ হাসানও বিদ্যুতায়িত হন। অচেতন অবস্থায় দুজনকে ছাদ থেকে নামিয়ে প্রথমে বিদ্যুৎকেন্দ্রের হাসপাতালে নেওয়া হয় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, শুকানো কাপড় তুলতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন হাসিব খান। তাঁকে বাঁচাতে গিয়ে সেনাসদস্য আরিফ হাসানও বিদ্যুতায়িত হন। পরে অপর এক সেনাসদস্য বাঁশ দিয়ে তার সরিয়ে দ্রুত উদ্ধার করেন, তবে দুজনকেই বাঁচানো সম্ভব হয়নি।

