দেশের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম তার দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন, ওটিটি এবং চলচ্চিত্রে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে অভিনয়জীবনের মধ্যেই কখনো কখনো ভিন্ন পেশার কথা ভাবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোনো একসময় অভিনয় ছাড়লে সাংবাদিকতাকে বেছে নিতে পারেন।
মোশাররফ করিম বলেন, “আমার মাঝে মাঝে মনে হয়, অভিনয় ছেড়ে দেব। কিন্তু আমি দেখেছি, সেটা ১০-১২ দিনের বেশি সম্ভব হয় না। তখন মনে হয়, আমি ভুল ভাবছিলাম। কারণ আমি অন্য কিছু পারি না, পারবও না। এমনকি উপভোগও করি না।”
সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার মনে লেখালেখি ও সাংবাদিকতার প্রতি দীর্ঘদিন ধরেই আকর্ষণ রয়েছে। তার ভাষায়, “সাংবাদিকতা করতেও ইচ্ছা করে। বহুদিন ধরেই ভাবি, তারিক আনাম খান বা আবুল হায়াত ভাইয়ের দীর্ঘ সাক্ষাৎকার নিতে পারলে ভালো লাগত। প্রায়ই মনে হয়, আমি তাদের ইন্টারভিউ নিচ্ছি।”
সাংবাদিকতাকে তিনি কেবল পেশা হিসেবে নয়, বরং একটি সৃজনশীল চর্চা হিসেবেই দেখেন। মোশাররফ বলেন, “সাংবাদিকতার সৌন্দর্য হলো—একজন মানুষকে আবিষ্কার করা, উপলব্ধি তুলে আনা। আলাপ-আলোচনার মাধ্যমে আমি যেমন সমৃদ্ধ হই, পাঠকও সমৃদ্ধ হয়। এটাই সৃজনশীলতার এক অনন্য দিক। অভিনয় না থাকলে, সম্ভবত সাংবাদিকতাই বেছে নিতাম।”
এদিকে, মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আবর্ত: দ্য সার্কেল আগামী বছর যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিতব্য ৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫-এ প্রদর্শিত হবে। মাহমুদুল হাসান টিপুর পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে মোশাররফের পাশাপাশি অভিনয় করেছেন তার স্ত্রী, অভিনেত্রী রেবেনা রেজা জুঁই।
দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের পরিকল্পনা—উভয় ক্ষেত্রেই মোশাররফ করিমের ভাবনা স্পষ্ট। অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা থাকলেও তিনি বিকল্প পথ হিসেবে সাংবাদিকতাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। অভিনয় ও সাংবাদিকতা—দু’টোই যে সৃজনশীলতার দুই ভিন্ন রূপ, তা তার বক্তব্যেই পরিস্কার।

