যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতিতে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই তার সরকারের। দুই দিনের সরকারি সফরে বুধবার (৮ অক্টোবর) ভারতে পৌঁছান স্টারমার।
ভারতের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাই তার সফরের মূল লক্ষ্য বলে জানান তিনি। স্টারমারের নেতৃত্বে উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদসহ শতাধিক সদস্যের একটি প্রতিনিধি দল সফরে অংশ নিচ্ছে।
স্টারমার বলেন, “আমরা ভারতের সঙ্গে ব্যবসা, বিনিয়োগ ও সমৃদ্ধি বৃদ্ধির আলোচনা করছি। আলোচনার কেন্দ্রবিন্দু ভিসা নয়।”
গত জুলাইয়ে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে একটি বহুল আলোচিত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় দুই দেশের মধ্যে কয়েক লাখ কোটি পাউন্ড মূল্যের বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়। চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্যের গাড়ি ও হুইস্কি ভারতে সস্তায় রপ্তানি হবে এবং ভারতীয় পোশাক ও গয়না কম দামে যুক্তরাজ্যে আমদানি করা যাবে।
তবে দেশটির মন্ত্রীরা নিশ্চিত করেছেন, অভিবাসননীতিতে কোনো বিস্তৃত পরিবর্তন আনা হয়নি। বরং নতুন লেবার সরকার যুক্তরাজ্যে অভিবাসন প্রবাহ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। দলীয় সম্মেলনে বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের নিয়ম আরও কঠোর করার কথাও ঘোষণা দেওয়া হয়।
ভারত সফরে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্টারমার বলেন, “আমরা সারা বিশ্বের সেরা মেধাবীদের যুক্তরাজ্যে আকৃষ্ট করতে চাই। কিন্তু ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ কোনো নতুন ভিসা সুবিধা চালুর পরিকল্পনা নেই।”
দুই দিনের এই সফরে স্টারমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। সফরে যাওয়ার আগে নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সে প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে স্টারমার বলেন, “আমি পুতিনকে কোনো শুভেচ্ছা বার্তা পাঠাইনি, পাঠাবও না। এতে কারো অবাক হওয়ার কিছু নেই।”
রাশিয়ার তেল কেনার বিষয়ে তিনি বলেন, “ছদ্মবেশে রাশিয়ার তেল বহনকারী ট্যাংকারগুলোর ওপর যুক্তরাজ্যের নজর রয়েছে।”
