জাপানের পার্বত্য উত্তরাঞ্চলে ভাল্লুকের ক্রমবর্ধমান আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করেছে সরকার। স্থানীয় কর্তৃপক্ষের জরুরি অনুরোধে বুধবার (৫ নভেম্বর) কাজুনো শহরে সৈন্য পাঠানো হয়, জানিয়েছে রয়টার্স।
গত কয়েক সপ্তাহ ধরে এলাকাটিতে ভাল্লুক ধরার অভিযান চলছে। বাসিন্দাদের সন্ধ্যার পর বাইরে না যেতে এবং বনে প্রবেশ এড়াতে বলা হয়েছে। নিরাপত্তার জন্য তাদের ঘণ্টা বহনের পরামর্শও দেওয়া হয়েছে, যাতে ভাল্লুক দূরে থাকে।
জাপানের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল থেকে ১০০টিরও বেশি ভাল্লুক হামলায় ১২ জন প্রাণ হারিয়েছেন। কাজুনোর মেয়র শিনজি সাসামোতো বলেন, “শহরবাসী প্রতিদিন বিপদের মুখে রয়েছে। সেনারা ফাঁদ স্থাপন ও নজরদারিতে সহায়তা করছে।”
তবে প্রশিক্ষিত শিকারিরা ভাল্লুক ধরার মূল কাজটি করছে। স্থানীয় প্রশাসনের হিসাবে, এই বছর ভাল্লুকের সংখ্যা ছয়গুণ বেড়ে ৮ হাজারেরও বেশি হয়েছে, যার ফলে আত্মরক্ষা বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে।

