সোমবার | মার্চ ২ | ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাঁচটি অভিযোগের মধ্যে দুইটিতে তাকে মৃত্যুদণ্ড এবং আরেকটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ—শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই লক্ষ্য অর্জনে সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ রাখব।”

এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রায় ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিদেশে আশ্রয় দেওয়া “অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা” হিসেবে বিবেচিত হবে। তারা অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের অনুরোধ জানায়।

Share.
Exit mobile version