সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানান হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর থেকে নতুন মেয়াদ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একইসঙ্গে কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সেনা কর্মকর্তারাও এই ক্ষমতা প্রয়োগের আওতায় থাকবেন।
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারায় উল্লেখিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এই কর্মকর্তারা।
প্রসঙ্গত জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রথমবার সেনা কর্মকর্তাদের ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছিল। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেওয়া হয়। তারপর থেকে ধাপে ধাপে এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে।
