
বাগেরহাটের চারটি আসন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (১০ ডিসেম্বর) সর্বোচ্চ আদালত হাইকোর্টের দেওয়া রায়ই বহাল রাখেন। ফলে আগের সীমানা অনুযায়ী বাগেরহাটে চারটি আসনই অপরিবর্তিত থাকছে। এ সিদ্ধান্তে জেলায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে গত ১০ নভেম্বর হাইকোর্ট এক রায়ে নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত গেজেটকে অবৈধ ঘোষণা করে। গেজেটে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। হাইকোর্ট সেই গেজেট বাতিল করে আগের সীমানা বহাল রাখার নির্দেশ দেন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পরবর্তীতে আপিল করেছিল নির্বাচন কমিশন। তবে বুধবার আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেন। ফলে হাইকোর্টের নির্দেশই চূড়ান্ত হিসেবে বহাল থাকে এবং বাগেরহাটে চারটি সংসদীয় আসন পূর্বের মতোই বহাল থাকছে।
এ রায়ের পর স্থানীয় রাজনৈতিক নেতারা বলেন, আসন সংখ্যা কমানো হলে জেলার রাজনৈতিক ভারসাম্য ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব পড়ার আশঙ্কা ছিল। আদালতের সিদ্ধান্তে দীর্ঘদিনের বিভ্রান্তি ও অনিশ্চয়তা দূর হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, চারটি আসন বহাল থাকায় এলাকায় উন্নয়ন পরিকল্পনা, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং প্রশাসনিক কাজে স্থিতিশীলতা বজায় থাকবে। আদালতের এ রায়কে তাঁরা জনগণের মতামতের প্রতি সম্মান হিসেবে দেখছেন।

