মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সেবু দ্বীপের বহু ভবন ধসে পড়ে অন্তত ৩১ জন নিহত ও ১৪৭ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে (১৩৫৯ জিএমটি) আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তি সেবুর উত্তর প্রান্তে অবস্থিত বোগো শহরের কাছে। প্রায় ৯০ হাজার মানুষের জনবহুল এ শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানান, বোগো প্রাদেশিক হাসপাতালে ২৫ জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। গুরুতর আহত রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রদেশের অন্যত্র আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কেন্দ্রীয় দ্বীপপুঞ্জে ২২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধারকাজ এখনো চলছে। ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, সেবুর কাছে বান্টায়ান দ্বীপের একটি পুরোনো ক্যাথলিক গির্জার ঘণ্টা টাওয়ার ভূমিকম্পের সময় কেঁপে ওঠে এবং পরে ভেঙে পড়ে।

২৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা মারথম পাসিলান এএফপিকে বলেন, “আমি গির্জার দিক থেকে বিকট শব্দ শুনলাম, এরপর দেখি পাথর ঝরে পড়ছে। ভাগ্যক্রমে কেউ আহত হয়নি।”

উদ্ধারকারী দল ও স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে কাজ করে যাচ্ছে।

Share.
Exit mobile version