ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ সদস্যদের মনে রাখতে হবে তারা রাজনৈতিক কোনো দলের কর্মী নন এবং কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া তাদের দায়িত্ব নয়। তিনি সতর্ক করে বলেন, “পেশিশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইনের ভিত্তিতে পরিচালিত হবে।”
রাজনৈতিক নেতাদের তোষামোদ না করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়লে পরবর্তীতে এর ক্ষতি হতে পারে। তার ভাষায়, “এখন যদি তেল দেওয়া শুরু করেন তাহলে নির্বাচনের পর সেই তেল ফুরিয়ে যাবে। তাই রিজার্ভ করে রাখুন, পরে কাজে লাগাতে পারবেন।”
পুলিশ সদস্যদের জনগণের প্রত্যাশা পূরণের জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মূল দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বিঘ্ন করা। এ জন্য নির্বাচনী সময়ে সব বাহিনীকে নিরপেক্ষ ও সেবামুখী থাকতে হবে।
