পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থার আওতায় আসছে পদ্মা সেতু। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এই সেবার আওতায় গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। এতে দ্রুত যাতায়াতের পাশাপাশি টোলপ্লাজায় ভিড় কমবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশে এ ব্যবস্থা চালু করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি জনসেবায় ডিজিটাল রূপান্তরের অংশ এবং দেশের বড় কোনো অবকাঠামোতে নন-স্টপ টোল আদায়ের ব্যবস্থা পরীক্ষামূলকভাবে প্রথমবার চালু হচ্ছে।
কীভাবে টোল পরিশোধ করবেন:
পদ্মা সেতুতে আরএফআইডি (রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) ট্যাগযুক্ত গাড়ি থামানো ছাড়াই টোল দিতে পারবে। এই ট্যাগ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে সংগ্রহ করা যাবে। ইটিসি ব্যবহারের জন্য প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টিএপি (TAP) অ্যাপ-এ গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে একবারের জন্য ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
প্রথমবার সেতু পার হওয়ার সময় যাত্রীদের টোল প্লাজায় গিয়ে তাদের আরএফআইডি ট্যাগ যাচাই ও নিবন্ধন করতে হবে। একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে গাড়িচালকরা ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।
পরবর্তী মাসগুলোতে সরকার টিএপি ছাড়াও অন্যান্য আর্থিক অ্যাপে ইটিসি সেবা চালুর পরিকল্পনা করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এ২আই (Aspire to Innovate) কর্মসূচি ইতোমধ্যে আরও বেশি প্ল্যাটফর্মকে এই ব্যবস্থায় যুক্ত করার কাজ করছে, যাতে সেবা সবার জন্য সহজলভ্য হয়।
