রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি এবং উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এই হামলা গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশাকে ক্ষুণ্ন করবে এবং জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে।
বিবৃতিতে বিএনপি জানায়, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে শক্তি প্রয়োগ করে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। দলটি জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে শাহবাগে সমাবেশ শেষে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইলের জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালায়। তারা ভেতরে ভাঙচুর চালিয়ে ভবনে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ভবনের নিচতলার দুটি তলা পুড়ে যায়।
এর আগে ৩১ আগস্ট একই ভবনে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়, যাতে নিচতলা ক্ষতিগ্রস্ত হয়। তারও একদিন আগে ৩০ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ধারাবাহিক ঘটনার প্রেক্ষাপটে জাতীয় পার্টি গণঅধিকার পরিষদকে দায়ী করে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে।
বিএনপি বিবৃতিতে আরও বলেছে, “প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা জনগণের ইচ্ছার ওপর নির্ভর করে। কিন্তু হুমকি, হামলা ও সহিংসতার মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে কোনো দলের কার্যক্রম বন্ধ করা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

