জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর উদ্যোগে রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর সভাপতি আবুল খায়ের লস্কর। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া ও কার্যকরী সদস্য শহিদুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা সময়ের দাবি।
সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। এ লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদের বিষয়গুলো কার্যকর করা এবং গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে তারা মত দেন।
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন সংকট ও গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ ও জাতীয় স্বার্থে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে।
সভায় বক্তব্য দেন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াস (তানিম), অ্যাক্টিভিস্ট মীর জাহান, এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, সাংবাদিক অনুক্ত কামরুল, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর কার্যকরী পরিষদের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, মহাকাশ গবেষক ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, আদাফ-এর স্বত্বাধিকারী তানভীর ওয়াদুদ, কাজী শাহীন ও মো. জাহিদুল ইসলাম।
এ সময় ব্যবসায়ী মেহরাব হোসেন, দিদার আলমসহ ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি নাগরিক উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আবুল খায়ের লস্কর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সভায় উপস্থিত অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
