মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ভোট শুরুর এক ঘণ্টা আগে ইসলামী ছাত্রশিবিরের পোলিং কর্মকর্তারা কেন্দ্রে প্রবেশ করেন এবং পরে তাদের সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রে কারচুপিতে জড়িত হয়। বৈশাখীর দাবি, শিবিরের নারী সমর্থকেরা একাধিকবার ভোট দিয়েছেন।

এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় উৎসবমুখর পরিবেশে। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হওয়ায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী।

ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে।

Share.
Exit mobile version