গাজীপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে বরখাস্তের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা হয়েছে।
সাময়িক বরখাস্তকালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। নাজমুল করিমকে ২০২৪ সালের ১১ নভেম্বর জিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরীণ প্রতিবেদনে গাজীপুরে আইনশৃঙ্খলার অবনতি উল্লেখ করা হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা ও অপহরণ বেড়ে গেছে। এছাড়া, নাজমুল করিম ঢাকা–গাজীপুর যাতায়াতে রাস্তাঘাট একমুখী করে সাধারণ চলাচল বাধাগ্রস্ত করার অভিযোগও রয়েছে।
প্রজ্ঞাপনে বরখাস্তের কারণ সরাসরি উল্লেখ করা হয়নি, তবে জনস্বার্থে এবং প্রশাসনিক প্রয়োজনকে প্রাধান্য দেওয়া হয়েছে।

