মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আগামী ২৮ আগস্ট কানাডায় প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। টরন্টো ও অটোয়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি প্রবাসী ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন।

সরকারি এক আদেশে জানানো হয়েছে, সিইসির এ সফরের মূল উদ্দেশ্য হলো কানাডায় বসবাসরত প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া। উদ্বোধনের পর ভোটার নিবন্ধন প্রক্রিয়া, এর সুবিধা এবং প্রাসঙ্গিক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

সিইসি ২৬ আগস্ট বা তার কাছাকাছি সময়ে ঢাকা থেকে কানাডার উদ্দেশে রওনা হবেন। সফরে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার তার সঙ্গে থাকবেন।

সরকারি কর্মসূচি শেষে সিইসি ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাঙ্কুভারে ব্যক্তিগত ছুটিতে থাকবেন। ছুটির অতিরিক্ত সময়ের সব খরচ তিনি নিজে বহন করবেন। ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

নির্বাচন কমিশন মনে করছে, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির এ উদ্যোগ তাদের ভোটাধিকারে অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়তা করবে।

Share.
Exit mobile version