আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দীনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন,“আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদের সম্মানে আমরা প্রার্থী দেবো না।”
তিনি আরও বলেন,“জুলাই সনদের সংস্কার দাবির সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে, তাহলে রাজনৈতিক বা আদর্শিক জোটের বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছি।”
নাহিদ ইসলাম এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দীনসহ আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তাদের ত্যাগের কারণেই আমরা ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছি। আহত ও শহীদ পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, তামিম আহমেদ, শওকত আলী, আহমেদুর রহমান তনু এবং জাতীয় যুবশক্তির সহসভাপতি তুহিন খান।

