নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে নতুন প্রতীক—‘শাপলা কলি’। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধন করে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইসি।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে কমিশন নির্বাচন বিধিমালা সংশোধন করেছে। সংশোধিত বিধিতে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া তালিকাভুক্ত যেকোনো প্রতীক প্রাপ্যতা সাপেক্ষে বরাদ্দ দেওয়া যাবে।
শাপলা প্রতীক নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসির মধ্যে। একাধিকবার চিঠি ও বৈঠকের পরও কমিশন তাদের আবেদন আমলে নেয়নি। গত ৭ অক্টোবর এনসিপি আবারো শাপলা প্রতীক চেয়ে সাতটি নমুনাচিত্র পাঠায়, তবে কমিশন তা নাকচ করে দেয়।
সবশেষ ১৯ অক্টোবর প্রতীক বাছাইয়ের শেষ দিনে এনসিপি জানায়, তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না। অবশেষে আজ কমিশন বিধিমালা সংশোধন করে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করেছে।

