সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশব্যাপী পূজা, প্রার্থনা, গীতাযজ্ঞ, শোভাযাত্রা ও নানা ধর্মীয়-সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ হিন্দুরা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জন্মাষ্টমী উপলক্ষে বাণী দিয়েছেন। তিনি বলেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক।
মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞ, পূজা ও ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলসহ কেন্দ্রীয় কর্মসূচি নিয়েছে। বিকেল ৩টায় পলাশীর মোড়ে মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানসহ সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ঐতিহাসিক মিছিলটি জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। এছাড়া ইসকন চার দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তন, ভোগ আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
আজ বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে জন্মাষ্টমী বিশেষ অনুষ্ঠান।

