আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে পারবো বলে আশা করছি।”
ইসি সচিব জানান, রোডম্যাপে সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে সংলাপের সময়সূচি, নির্বাচনসংক্রান্ত আইন সংস্কার ও সংশোধনের সময়রেখা, এবং প্রস্তুতির অন্যান্য ধাপ অন্তর্ভুক্ত থাকবে। এতে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, সরঞ্জাম সংগ্রহ, প্রশিক্ষণ কার্যক্রম, আইনশৃঙ্খলা সভা ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়সহ তফসিল ঘোষণার আগে ও পরে করণীয় বিষয়গুলোও থাকবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছিলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই লক্ষ্য সামনে রেখে কমিশন সারাদেশে প্রস্তুতি জোরদার করেছে।
বাংলাদেশে নির্বাচনের আগে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ শুরু হয় নবম সংসদ নির্বাচনের আগে ২০০৭-০৮ সালে। সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছর আগে রোডম্যাপ প্রকাশ করেছিল তৎকালীন কমিশন। বর্তমান ইসিও সেই ধারাবাহিকতা বজায় রাখছে।
বর্তমান কমিশন ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বরকে ধরে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা করেছিল। তবে ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্ধারিত হওয়ায় সেই পরিকল্পনা নতুন সময় অনুযায়ী সংশোধন করা হচ্ছে। রোডম্যাপ চূড়ান্ত করতে আগামী ১৮ আগস্ট বৈঠক হওয়ার কথা রয়েছে। ইসির অনুমোদনের পর এটি পুস্তিকা আকারে প্রকাশ করা হবে।

